১৪ আগস্ট, ২০২৫ ০৪:৪৩
প্রতীকি ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল নেতার ছাত্রত্ব নিয়ে কটূক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রদলকে নিয়ে অসত্য, কুরুচিপূর্ণ, উস্কানিমূলক লেখার কারণে বড়লেখা থানায় একটি অভিযোগ হয়েছে। বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শরীফ উদ্দিন বাদী হয়ে গত শুক্রবার (৮ আগস্ট) বড়লেখা থানায় চার জনের নাম উল্লেখ করে এই অভিযোগটি করেন। অভিযুক্তরা সকলেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় নেতা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট।
অভিযুক্তরা হলেন- বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামের মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে ও ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানভীর হোসাইন (৩২), একই ইউনিয়নের তারাদরম গ্রামের তছলিম উদ্দিনের ছেলে ও ছাত্রশিবিরের সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি মিজানুর রহমান (৩৪), হরিনগর গ্রামের মো: সিরাজ উদ্দিনের ছেলে ও ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা উত্তরের সাবেক সেক্রেটারি এবং শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি মো: কামিল আহমেদ রাজু (২৯) ও বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিম পার গ্রামের আতিকুর রহমানের ছেলে ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক শিবির নেতা হাবিবুর রহমান (৩৫)।
থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, আসামীরা সকলেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় নেতা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। তারা বিভিন্ন সময়ে ও তারিখে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রদলকে নিয়ে অসত্য, কুরুচিপূর্ণ এবং উস্কানিমূলক লেখা ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে যাচ্ছেন। আসামীগণ তাদের দেওয়া এসব পোস্টের মন্তব্যের ঘরে গিয়েও আপত্তিকর মন্তব্য এবং উত্তর দেন। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। এসব বিষয়ে নানা সময় প্রতিবাদ করায় আসামীরা বাদী মোঃ শরীফ উদ্দিনের উপর ক্ষুব্ধ হয়ে উঠে। এরই জের ধরে গত ২৭ জুলাই ১নং আসামী মোহাম্মদ তানভীর হোসাইন তাহার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছাত্রদলের ইউনিয়ন সভাপতি শরীফ উদ্দিনের ছবি ব্যবহার করে মানহানিকর একটি পোস্ট লিখেন। তানভীর ওই পোস্টে লিখেন ‘‘৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শরফি উদ্দিন। সে কোন কলেজের ছাত্র জানতে চাই। শুনলাম ছাত্রদলে নাকি ছাত্র নাই’’। তানভীরের এই পোস্ট দেওয়ার পর থেকে বিভিন্ন আইডি থেকে শরীফ উদ্দিনের নামে মানহানিকর ও কূরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পরবর্তীতে পোস্টটি ২নং আসামী মিজানুর রহমান তাহার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শরীফের ছবিসহ দেওয়া মোহাম্মদ তানভীর হোসাইনের পোস্ট শেয়ার করে লিখেন- ‘‘ যে দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংগঠন মামা চাচারা পরিচালনা করে সে দেশে তো উপজেলা ইউনিয়ন কোন বিষয় না ’’। ৩নং আসামী মো: কামিল আহমেদ রাজু তাহার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শরীফের ছবিসহ দেওয়া মোহাম্মদ তানভীর হোসাইনের পোস্ট শেয়ার করে লিখেন- ‘‘ আপনার পোস্টের সারমর্ম হলো- অন্ধের দেশে আয়না বিক্রির মতো বা অমাবস্যায় আলো খুঁজা। যেই দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব বলেন- রানিং ছাত্র দিয়ে নেতৃত্ব দেয়া সম্ভব নাহ, সেখানে ইউনিয়ন দায়িত্বশীল তো ছাত্র হবেন এটা অলিক কল্পনা। যদিও নাম ছাত্রদল, যারা ছাত্র প্রতিনিধি হবেন, কিন্তু বাস্তবে সবাই দাদা/নানা হয়ে গেছেন ’’। ৪ নং আসামী হাবিবুর রহমান তাহার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শরীফের ছবিসহ দেওয়া মোহাম্মদ তানভীর হোসাইনের পোস্টে কমেন্টে করে লিখেন- ‘‘ ছাত্রদলের কেন্দ্র কমিটি-ই যেখানে অছাত্র চাঁদাবাজে ভরপুর সেখানে লোকালে রানিং ছাত্র পাওয়া তো রীতিমত অলৌকিক ব্যাপার ’’। শরীফের ছবিসহ দেওয়া মোহাম্মদ তানভীর হোসাইনের পোস্ট অনেকেই নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ছাত্রদল নেতা শরীফ উদ্দিনের সামাজিক মান-মর্যাদা ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ১৩ আগস্ট বিকেলে বলেন, বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শরীফ উদ্দিনের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের জন্য তদন্ত করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য