শাবিপ্রবি প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২৫ ২০:১৯

শাবিপ্রবিতে তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ

তিন দফা দাবি আদায় এবং ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রবিবার (২৪ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েকটি বিভাগ পূর্ণ দিবস ও অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বর্জন করে এ আন্দোলনে অংশ নেয়। সেখানে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে গিয়ে ‘প্রতীকী ব্লকেড’ হিসেবে ১০ মিনিটের জন্য সড়ক অবরোধ করে রাখে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের তিন দফা দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ আমরা রাজপথে থাকব। আজ থেকে আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এতে ফিরব না। আন্দোলনকে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে নিয়ে যাব।”

তিনি আরও বলেন, “আমরা চাই, যোগ্য পদে যোগ্য ব্যক্তির নিয়োগ হোক। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি, কীভাবে অযোগ্যদের দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা আর কোনো অযোগ্য নেতৃত্ব মেনে নেব না।”

এসময় আরও বক্তব্য রাখেন প্রকৌশলী অধিকার আন্দোলন শাবিপ্রবির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাছুদ, ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভীর রহমান।

আন্দোলনকারীদের তিন দফা দাবিগুলো হচ্ছে
১. ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমানের পদ)-এ প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোনো কোটার মাধ্যমে পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমানের পদ তৈরি করেও তা দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদ)-এর নিয়োগ পরীক্ষা ডিপ্লোমাধারী ও একই ডিসিপ্লিনে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ যেন ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার না করতে পারে, সে বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে—অন্য দেশের মতো। এছাড়া, নন-অ্যাক্রিডিটেড বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে IEB-BATE-এর আওতায় আনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত