০২ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০৯
সিলেট সদর উপজেলায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)।
এ নিলামে অংশগ্রহণের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
বিএমডির পরিচালক (উপ-সচিব) আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী নিলামকারীরা বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত জমা দেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ থেকে ১১টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সকাল ১১টায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে নিলাম কার্যক্রম শুরু হবে।
নিলামে অংশ নিতে ইচ্ছুকদের ৫০০ টাকা অফেরতযোগ্য নগদ জমা দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন বাধ্যতামূলক।
নিলামের শর্তাবলি সিলেট জেলা প্রশাসকের (www.sylhet.gov.bd), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (www.sylhetsadar.sylhet.gov.bd) এবং বিএমডি’র (www.bomd.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
আপনার মন্তব্য