০৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৪
সিলেটে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকার বিমানবন্দর সড়কে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হন তিনি।
দুর্ঘটনার পরপরই পুলিশের বরাত দিয়ে সিলেটটুডের ফেসবুক পেজে দুজন নিহতের থবর জানানো হয়েছিলো। তবে পরে পুলিশ নিশ্চিত করেছে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহত মো. ফাহাদ মোটরসাইকেল আরোহী ছিলেন। তিনি নগরীর শাহপরান এলাকার আব্দুল হকের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাৎক্ষণিভাবে শুনেছিলাম দুজন নিহত। তবে পরে নিশ্চিত হয়েছি, একজন নিহত হয়েছেন ও চারজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি আছেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীর চা বাগানঘেঁষা বিমানবন্দর সড়কে রাত ১২টার দিকে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফাহাদ নিহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাক ও অটোরিকশা আটক করা গেলেও চালক পলাতক বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।
জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৯৬২) বিমানবন্দরের দিকে এবং ২টি মোটরসাইকেলযোগে (সিলেট মেট্রো ল ১২-৩৩০৭ এবং সিলেট মেট্রো ল ১২-৩৫৫৬) কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলো। এসময় লাক্কাতুরা এলাকায় ট্রাক, ওই ২টি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আপনার মন্তব্য