২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৩
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শু্রবার মামলা দায়ের হলেও এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তবে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এ বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে’।
‘জনসাধারণকে এসব প্রচারে বিভ্রান্ত না হয়ে’ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে সহায়তা করার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
রোববার সিলেট জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মো: সম্রাট তালুকদার এক বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ সেপ্টেম্বর দুপুরে বিয়ানীবাজার থানাধীন ১১নং লাউতা ইউপির অন্তর্গত লাউতা সাকিনের কালীবাড়ী বাজারস্থ “বাবু টেইলার্স’’ নামক দোকানের ভিতরে একজন শিশু ধর্ষনের অভিযোগে ১৯ সেপ্টেম্বর ও শিশুর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যা বিয়ানীবাজার থানার মামলা হিসেবে রুজু করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘থানায় মামলা রুজু হওয়ার পর ওই শিশুর জবানবন্দি আদালতে লিপিবদ্ধ করানো হয়েছে। আসামিকে গ্রেপ্তার করার লক্ষ্যে বিয়ানীবাজার থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। কিন্তু উক্ত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। জনসাধারণকে এসব প্রচারে বিভ্রান্ত না হয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো’।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের কালিবাড়ি বাজারে অবস্থিত নবদ্বীপ বৈদ্যের টেইলার্সের দোকানে সন্দেহজনক অবস্থায় এক কিশোরী ও দোকানের মালিককে দেখতে পান একদল যুবক। এরপর যুবকরা টেইলার্সের দোকানে ভিডিও ধারণ করেন। ঘটনার দিন বিকেলে যুবকরা কিশোরীর বাসায় গিয়ে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে ওই কিশোরী জানায়, তার সাথে টেইলার্সের দোকানের ভেতর খারাপ কাজ করা হয়েছে।
কালিবাড়ি বাজার কর্তৃপক্ষের হস্তক্ষেপে ওইদিন বিষয়টির সাময়িক সমাধান হয়। পরে ওই যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে টেইলার্সের দোকানের ভিডিও আপলোড করে দেন। এরপর থেকে এলাকায় তোলপাড় শুরু হলে কিশোরীর বাবা বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
আপনার মন্তব্য