কোম্পানীগঞ্জ প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২৩

নেশাগ্রস্ত হয়ে মাকে নির্যাতন: ছেলেকে পুলিশে দিলেন বাবা, তিন মাসের কারাদণ্ড

সিলেটের কোম্পানীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে নিজের মাকে নির্যাতন করার অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।

 শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দণ্ডিত তোফাজ্জল ইসলাম ওই গ্রামের হাবিব মিয়ার পুত্র।

জানা গেছে, মাদকাসক্ত তোফাজ্জলের পিতা হাবিব মিয়া প্রবাসে থাকতেন। ছেলে তার মাকে নেশাগ্রস্ত অবস্থায় নির্যাতন করে জেনে বাড়িতে ফিরে আসেন। ছেলেকে বোঝাবার চেষ্টা করেন। কিন্তু সে সংশোধন না হওয়ায় বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানাকে জানান হাবিব।

অভিযোগ পেয়ে তোফাজ্জলকে আটক করে থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া তাকে তিন মাসের কারাদণ্ড দেন।  

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত