১৫ অক্টোবর, ২০২৫ ০১:০৫
ছবি: সংগৃহীত
চা বাগানের সবুজ প্রান্তরে শরতের মিষ্টি রোদ আর শিশির ভেজা সকাল। প্রকৃতির এমন মনোমুগ্ধকর আবহে পরিবেশ, দুর্যোগ সচেতনতা আর টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগান প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি ০৪০৫) ও চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায়।
প্রকল্পের হলরুমে আয়োজিত এই আলোচনা সভার সভাপতিত্ব করেন জাগছড়া প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ও আদিবাসী অধিকারকর্মী জনক দেববর্মা।
সভায় আরও বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক লুকাস রাংসাই, ইমপ্লিমেন্টর রিবিকা মহাপাত্র, প্রতিমা ম্রং এবং শিক্ষক মেমোরিয়াল খংলা।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য দরকার সচেতনতা, ঐক্যবদ্ধ প্রস্তুতি এবং পরিবেশের প্রতি যত্নশীল মনোভাব। আর একটি চারা রোপণ মানেই ভবিষ্যতের জন্য একটি আশার বীজ বপন।
অনুষ্ঠানে ১২০ জন শিক্ষার্থীর অভিভাবক অংশ নেন। আলোচনা শেষে অতিথিদের হাত থেকে তারা গ্রহণ করেন দেশীয় প্রজাতির আম, লিচু, কাঁঠালসহ নানা ফলজ গাছের চারা। কারও মুখে আনন্দের হাসি, কারও চোখে ভবিষ্যতের আশার ঝিলিক—সবুজের এই উপহার যেন চা বাগান পেরিয়ে ছড়িয়ে পড়ল প্রতিটি ঘরে ঘরে।
আপনার মন্তব্য