নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৫ ২২:৩৫

সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুল হাসান শাহিন

সিলেট বিভাগের ১৯টি আসনে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে রোববার (১৯ অক্টোবর) বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ-বৈঠকে যোগ দিতে সিলেট বিভাগের বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা এখন ঢাকামুখী। এই তালিকায় আছেন সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাবেক প্রার্থী কামরুল হাসান চৌধুরী শাহিন ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্ররাজনীতিতে ফাহিম-আলী কমিটিতে তিনি সিলেট জেলা ছাত্রদলের সদস্য ছিলেন। পরে যুগ্ম আহবায়ক হয়েছিলেন। পরবর্তীতে তিনি সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে জেলা ছাত্রদলের দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদে রয়েছেন। 

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সামনের সারির ছাত্রনেতা ছিলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় কারাবরণসহ পুলিশি নির্যাতনের শিকার হন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

কামরুল হাসান চৌধুরী শাহিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে যে নতুন গণতান্ত্রিক ধারার জন্ম হচ্ছে, এখানে দরকার যোগ্য নেতৃত্ব ও জনসম্পৃক্ত প্রতিনিধি। সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনী এলাকার সাধারণ মানুষদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাকিটা নির্ভর করছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।

তিনি জানান, এরআগে আমি বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্তে প্রার্থিতা থেকে সরে গিয়েছি। দলের প্রতি আমি আনুগত্য আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রকাশ করে এসেছি। যতদিন বেঁচে আছি ততদিন স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করব।

তাঁর রাজনৈতিক জীবনের বর্ণনা করতে গিয়ে জানান, আমি ২০১৩-১৪ সালের সবচেয়ে বেশি আন্দোলন ছিল তখন পুলিশি গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হই এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পুলিশি হামলা ও মামলার শিকার হই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নামকরণবিরোধী আন্দোলনেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠায়, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সম্মুখসারিতে আন্দোলন সংগ্রাম করেছি। অংশ নিয়েছি জুলাই গণঅভ্যুত্থানে।

কামরুল হাসান চৌধুরী শাহিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর গ্রামে।

উল্লেখ্য, সিলেট-৬ সংসদীয় আসনে আওয়ামী লীগ ৬ বার, আর ২ বার করে বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এই আসনে কামরুল হাসান চৌধুরী শাহিন ছাড়াও বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা অহিদ আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন। এছাড়াও মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন জেলা বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া ও জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।

আপনার মন্তব্য

আলোচিত