১৯ অক্টোবর, ২০২৫ ২২:১৩
সিলেটের জৈন্তাপুরে নাতির ছোড়া ইটের আঘাতে মারা গেছেন ৯০ বছর বয়সী নানি।
শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাঠেরচটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিবুন নেছা (৯০) চিকনাগুল ইউনিয়নের ঘাঠেরচটি গ্রামের মৃত সাজ্জাদ আলীর স্ত্রী। এ ঘটনায় নাতি সুমন আহমেদকে (২২) আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ছোটবেলায় সুমনের মা-বাবা মারা যায় তখন থেকে আজিবুন নেছার কাছে বড় হন সুমন। চার মাস আগে তার মানসিক সমস্যা দেখা দিলে নানী তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করান। চিকিৎসর উন্নতি না হওয়ায় বাড়িতে নিয়ে আসা হয়। সুমন যে ঘরে শিকলবন্দী হয়ে থাকতে, পাশের একটি বিছানায় ঘুমাতেন নানী আজিবুন নেছা। রাতে হঠাৎ সুমনের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন ছুটে এসে দেখেন আজিবুন নেছার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পাশে বসে থাকা সুমন তখন কাঁদছিল। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে গিয়ে নাতি সুমনকে নিহত নানির মরদেহের পাশে শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই। সে তখন শিকল খুলে দেয়ার জন্য চিৎকার করছিল।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুমন আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। রবিবার পুলিশ পাহাড়ায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
আপনার মন্তব্য