নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৫ ১৭:৩৭

সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী গ্রেপ্তারে বাম জোটের নিন্দা

সিলেটে ব্লক রেইড দিয়ে বাসদ অফিস থেকে ২২ জন কর্মীকে এবং সিপিবি নেতা এড. আনোয়ার হোসেন সুমনসহ ১৫ জনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা।

রোববার এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট এবং বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর এবং বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে পুলিশী অ-িভযান ও মিথ্যা হয়রানী মামলায় বিরোধী নেতাকর্মীদের এবং শ্রমজীবী মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালানো হতো। কিন্তু গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলেও রাজনৈতিক দলের অফিসে পুলিশী হামলা, মিথ্যা মামলায় গ্রেপ্তার নির্যাতন দেশবাসী প্রত্যাশা করে নাই। বর্তমান সরকারের আমলে একদিকে নতুন কর্মসংস্থান নাই, শত শত কারখানা বন্ধ হয়ে শ্রমিক বেকার হচ্ছে। স্ব কর্মসংস্থানে যে সব মানুষ রিকশা, হকারি করে জীবন জীবিকা নির্বাহ করছে সেই রিকশা উচ্ছেদ করে শ্রমজীবী মানুষদের জীবন জীবিকার পথ বন্ধ করে তাদের পরিবার পরিজনসহ অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা যখন তাদের জীবিকা ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করছে তখন হামলা-নির্যাতন চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পুরছে। এ ঘটনার মাধ্যমে মনে হয় যেন দেশ একটা পুলিশী রাষ্ট্র। গত কয়েকদিনে প্রায় ৩৮জনকে বিনা পরোয়ানায় গ্রেফতার, গ্রেফতারের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও তাদের সম্পর্কে পুলিশ এখন কোন সিদ্ধান্ত দিতে পারে নি। ভিন্ন মত প্রকাশ এবং সভা সমাবেশে অংশ নেয়ার কারণে গ্রেফতার পুরানো ফ্যাসিবাদী শাসনকেই স্মরণ করিয়ে দেয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব পালসহ ৪ জন মিথ্যা মামলায় গ্রেপ্তার ও দীর্ঘ ১ মাস কারাবরণের পর জামিনে মুক্তি পেয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং সকলের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার সিলেটে বাসদ অফিসে ব্লক রেইড দিয়ে বাসদের নেতাকর্মীসহ রিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদের ২২ জন নেতাকর্মী এবং তার আগের রাতে সিপিবি সিলেট জেলা নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত