ওসমানীনগর প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২৫ ২০:১২

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু: হবিগঞ্জ এক্সপ্রেসের বাস ওসমানীনগর রুটে চলাচল বন্ধের দাবি

বাস চাপায় প্রাইভেটকার আরোহী বাবা-মেয়ে নিহতের ঘটনায় সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। বিক্ষোভ থেকে অবিলম্বে হবিগঞ্জ এক্সপ্রেসসহ বিরতিহীন সকল বাসের ওসমানীনগর রুটে চলাচল বন্ধ করার দাবি জানানো হয়।

এসময় বিক্ষুব্দ জনতা গোয়ালাবাজারে মহাসড়ক অবরোধ করে হবিগঞ্জ এক্সপ্রেস বাস আটকিয়ে ভাংচুর করেন। এতে সিলেট-ঢাকা মহাসড়কে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

রবিবার (২ নভেম্বর) দুপুর ২টায় সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে এ বিক্ষোভ করা হয়।

হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস সার্ভিসের বেপরোয়া চলাচল ও ঘনঘন দুর্ঘটনার প্রতিবাদে এসময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জ থেকে সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস বাস গুলো দীর্ঘদিন ধরে বেপরোয়া ও অপেশাদার চালনার মাধ্যমে দুর্ঘটনা ঘটাচ্ছে। এসব দুর্ঘটনায় বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এই বাস সার্ভিসের কারণে স্থানীয় পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

সচেতন মহল দাবি করে জানায়, চালকদের অসচেতনতা, প্রতিযোগিতামূলক গতি এবং আইন অমান্য করার প্রবণতার কারণে সড়ক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বক্তারা বলেন, অবিলম্বে হবিগঞ্জ এক্সপ্রেস সহ বিরতিহীন সকল বাসের ওসমানীনগর রুটে চলাচল বন্ধ করতে হবে। একই সঙ্গে নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানান তারা।
বক্তারা প্রশাসনের প্রতি এসব বাসের অনিয়ম ও বেপরোয়া চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবির বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে বিক্ষোব্দ জনতা গোয়ালাবাজারে মহাসড়ক অবরোদ করে হবিগঞ্জ বিরতিহীন গাড়ি আটকিয়ে ভাংচুর করেন। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় গোয়ালাবাজারের মহাসড়কের দুই দিকে শত শত যাত্রীবাহী যানবাহত আটকা পরে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হলে মহাসড়ক থেকে বিক্ষুব্দ জনতা সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টায় সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার দয়ামীর মাদ্রাসার সামনে হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয় এবং এ সময় একই পরিবারের আরো ৪জন গুরুতর আহত হন। এই ঘটনাটি দেশ ও প্রবাসী বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হবিগঞ্জ বাস বন্ধ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিতে ওসমানীনগরের সর্বস্তরের জনতার ব্যানারে গোয়ালাবাজারে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত