নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫ ২৩:০১

এভাবে চললে একদিন বৃষ্টি হলে আগামীতে উপশহর থেকে পানি নামবে দুই মাস পর: খন্দকার মুক্তাদির

সিলেট নগরের এখন যে অবস্থা তা অব্যাহত থাকলে আগামী ৮/১০ বছর পর নগরের অনেক এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, এখন যে অবস্থা তা অব্যাহত থাকলে আগামী ১০ বছর পর একদিন বৃষ্টি হলে নগরের উপশহর থেকে পানি নামবে দুই মাস পর। এই পরিণতি ঠেকাতে জরুরী ভিত্তিতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটটুডের নির্বাচনবিষয়ক নিয়মিত আয়োজন ‘রোড টু ইলেকশন’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমনটি বলেন খন্দকার মুক্তাদির।

সিলেটের এমন দুরবস্থা হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, নগরে সুরমা নদীর সাথে যতো খালের সংযোগ রয়েছে সবগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খালগুলো হয় ভরাট বা দখল হয়ে গেছে। ফলে নদীর পানি ধরে রাখার ক্ষমতা কমেছে। আর নগরে স্থাপনা অনেক বেড়ে যাওয়ায় বৃষ্টি এখন আর মাটিতে পড়তে পারছে, সব পড়ছে পাকার উপরে। এরফলে পানি শোষণ করতে পারছে না মাটি। বৃষ্টির সব পানি নদীতে চলে যাচ্ছে।

এর থেকে উত্তরণের জন্য জরুরী ভিত্তিতে নগরের সব প্রাকৃতিক খাল উদ্ধার করা প্রয়োজন জানিয়ে মুক্তাদির বলেন, এটি সম্ভব না হলে নতুন করে খাল খনন করতে হবে।

সিলেট-১ আসন থেকে নির্বাচিত হলে প্রথমেই এই উদ্যোগ নেবেন বলেও এসময় জানান তিনি।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা গেছে, সিলেট নগরে ছোট-বড় মিলিয়ে ১১টি ছড়া (প্রাকৃতিক খাল) প্রবহমান। এসব ছড়ার ১৬টি শাখা ছড়াও আছে। এসব ছড়া-খাল সুরমা নদীতে গিয়ে মিশেছে। ছড়া-খালগুলোর দৈর্ঘ্য প্রায় ১১০ কিলোমিটার। এর বাইরে নালা-নর্দমা আছে ৯৭০ কিলোমিটার। নালা-নর্দমায় প্রায় সাড়ে ৬শ’ কিলোমিটার পাকা ড্রেন আছে।

সিলেটটুডের ‘রোড টু ইলেকশন’-এ অতিথি হয়ে খন্দকার মুক্তাদির আরও বলেন, কর্মসংস্থানহীনতা সিলেটের একটি বড় সমস্যা। আমি নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী ভিত্তিতে উদ্যোগ নেবো।

আইটি ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। আধুনিক কৃষিতেও তরুণদের উৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত