নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৬ ২০:০৬

সিলেটে চার বাসে আগুনের ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেট নগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে নগরের ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানাপুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নগরের ছড়ারপাড় এলাকার সুগন্ধা-৬২ নম্বর বাসার বাসিন্দা মো. মাছুম আহমেদ (৪২) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের নাসিমুর রহমান ওরফে নাসিম (৪৪)। নাসিমুর ছড়ারপাড়ের বউবাজার এলাকার হেলাল মিয়ার কলোনিতে বসবাস করেন।

পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে চালিবন্দর এলাকার কয়েদি মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে এবং পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে পাশে থাকা অপর একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি আংশিক পুড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন বলেন, মামলার তদন্তে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারা দুজনই আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। এ ছাড়া নাসিমুর রহমানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দণ্ডবিধির একটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত