২০ মার্চ, ২০১৬ ১৬:৫৬
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আবু নছরের বাসায় হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর মেন্দিবাগ এলাকা থেকে ওয়াকিল (২৩) ও হাসান (২৫) নামে দুই যুবককে আটক করে পুলিশ।
আটককৃতদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে রোববার রিমান্ডের শোনানি হয়নি।
গত শনিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদের নেতৃত্বে আবু নছরের বাসায় হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মোস্তাক আহমদসহ ৩ জনের নাম উল্লেখ করে শনিবার সিলেট কতোয়ালি থানার মামলা দায়ের করেন আবু নছরের ছেলে সৈয়দ নুরুল হাসান তুহিন।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ এ ঘটনায় দু'জনকে আটকের কথা স্বীকার করেন। হামলার সাথে আটককৃতরা জড়িত ছিালো বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদের লোকজন নগরীর মেন্দিবাগ এলাকায় আবু নছরের বাসায় হামলা চালায়। হামলাকারীরা এ সময় বাসায় ঢিল ছুড়ে, দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে।
সৈয়দ আবু নছরের ছেলে জানান, কোনো ধরনের নোটিশ ছাড়াই শনিবার বাসার সীমানা প্রচীর ভাঙার জন্য চিহ্নিত করে যান সিটি কাউন্সিলর মোস্তাক আহমদ। তিনি এ ব্যাপারে জানতে গেলে দুর্ব্যবহার করেন মোস্তাক। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে কিছুক্ষণ পরই দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার যোগে ১০-১২ জন যুবক বাসায় এসে হামলা চালায়।
তবে হামলার ঘটনা অস্বীকার করে কাউন্সিলর মোস্তাক আহমদ বলেন, নকশা অনুযায়ী আমি কাজ শুরু করি। এ সময় তুহিন আমাকে গালিগালাজ করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। তবে হামলার ঘটনা ঠিক নয়।
আপনার মন্তব্য