সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০১৬ ২১:৫২

‘সুরক্ষিত এলাকায় তনু খুন হল কেন’, সিলেটে প্রতিবাদী সমাবেশে বক্তারা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু’কে সেনানিবাস এলাকায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জড়িতদের  সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ ২৫মার্চ, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার  এর সামনে এক মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

“নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনমঞ্চ”  আয়োজিত এই সমাবেশে সিলেট শহরের নানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, সামাজিক, পরিবেশবাদী, রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি  সর্বস্তরের  সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, “সেনানিবাস যেখানে দেশের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা সেই জায়গায় সেনানিবাসের অভ্যন্তরে সোহাগী জাহান তনু’কে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যার মত ঘটনা ঘটেছে যা  কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা থেকে দেশের নিরাপত্তা ব্যবস্থা কত নিম্নমানের সেই চিত্র  ফুটে উঠেছে।”

তারা সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার দাবী জানান। তা না হলে ভবিষ্যতে সারা দেশে একযোগে অবরোধসহ আরও কঠোর কর্মসূচী নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনমঞ্চ এর সংগঠক বিশ্বপা ভট্টাচার্য মৌ এবং সমাবেশ পরিচালনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী প্রগতিশীল রাজনৈতিক কর্মী দীপঙ্কর দাশ গুপ্ত।
 
সমাবেশ থেকে কয়েকটি দাবি জানানো হয়:
১। তনু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।
২। যেহেতু সেনানিবাসের অভ্যন্তরে ঘটনা ঘটেছে তাই ঘটনার সাথে সেনাসদস্যদের সম্পৃক্ততার
সম্ভাবনা উড়িয়ে না দিয়ে তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে।
৩। ধর্ষনের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে।
৪। সমতলে ও পাহাড়ে ঘটমান সকল নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত আইনের
আওতায় নিয়ে আসতে হবে।
৫। দেশের প্রত্যেক মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হতে হবে।         

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেটের প্রবীন রাজনীতিবিদ ও তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এড আনোয়ার হোসেন সুমন, উদীচী সিলেট এর সাধারণ সম্পাদক রতন দেব, যুব নেতা বজলুল হালিম , গণজাগরন মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, নগরনাট সিলেটের সভাপতি অরূপ বাউল, শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ ফাতেমা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ  পাল ও পলা সমাজপতি, মদন মোহন কলেজ এর শিক্ষার্থী মোঃ নাবিল এইচ, সিলেট লিডিং  ইউনিভার্সিটি এর শিক্ষার্থী জামিল হোসেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রসেনজিত  চক্রবর্তী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত