৩০ মার্চ, ২০১৬ ১৩:১১
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিব হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরসহ ৮ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
বুধবার সিলেট মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন আলোচিত এই হত্যা মামলার এজাহারভূক্ত ৮ আসামী। তবেবিচারক সাইফুজ্জামান হিরো তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামীরা হলেন- হোসাইন আহমদ সাগর, আবদুল আউয়াল আহমদ, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ, ময়নুল ইসলাম। এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ বলেন, কাজী হাবিবুর রহমান হত্যা মামলার ৮ আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী কাজি হাবিবুর রহমান হাবিবের উপর হামলা করে নিজ দলের নেতাকর্মীরা। গ্রুপ বদলের কারণেই ক্যাম্পাসের সামনে তার উপর হামলা করা হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওই দিনই নগরীর একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। রাত সাড়ে ১১টার দিকে হাবিবের মৃত্যু হয়।
পরদিন বুধবার দুপুরে নিহত হাবিবের ভাই কাজি জাকির হোসেন বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১১জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, সুবায়ের আহমদ সুহেল, ময়নুল ইসলাম রুমেল, তুহিন আহমদ, নাহিদ হাসান, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজি হাবিবের হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে। এর আগে ১১ জনকে সাময়িক বহিষ্কার করা হয়।
আপনার মন্তব্য