রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে

০৪ এপ্রিল, ২০১৬ ১২:০৬

বানিয়াচংয়ে ইউপি নির্বাচনকে সামনে রেখে কালো টাকার ছড়াছড়ি

বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচন আর মাত্র কিছুদিন বাকী। নির্বাচনকে সামনে রেখে এসব ইউনিয়নে কালো টাকার ছড়াছড়ি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ স্বল্প সময়ে ভোটারদের মন জয় করার জন্য প্রার্থীরা জয়ী হতে নানা কৌশলে মেতে উঠেছেন।

ভোটারদের মতে,বানিয়াচংয়ে এবারের নির্বাচন অতীতের নির্বাচন থেকে ভিন্ন।অন্যান্য বারে ভোটারগণ প্রার্থীদের যোগ্যতা,মেধা,দক্ষতা ও বংশ পরিচয় ভোট প্রদান করলেও এবার তা সম্পুর্ণ বিপরীত হয়ে যাচ্ছে।ভোটাররা আরও জানান,অতীতে প্রার্থীদের সংখ্যা খুবই কম ছিল। ছিলনা ততবেশী অর্থকড়ি।

এবারের নির্বাচনে আচরণবিধি লংঘন করে বস্তার বস্তা টাকা খরচ করে নির্বাচিত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এরা যেমনি টাকা খরচ করছেন তেমনি ভোটারদের কাছে আনার জন্য দিচ্ছেন লম্বা লম্বা প্রতিশ্রুতি। ভোট নিশ্চিত করতে এলাকার প্রভাবশালী ব্যক্তি ও নামসর্বস্ব ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে মোট অংকের টাকা।

স্বতন্ত্র প্রার্থীরা সুষ্ঠ,অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছেন। স্থানীয়ভাবে অর্থবিত্তের মালিকগণ নিজনিজ পছন্দের প্রার্থীর পক্ষে টাকার খেলায় মগ্ন হয়ে তাদের সাধ্যমতে অর্থ খরচ করছেন। এখানে যোগ্য,মেধাভিত্তিক প্রার্থীগণ পড়েছেন বিপাকে। প্রার্থীরা অপেক্ষাকৃত তরুণ ও দিনমজুর ভোটারদের টার্গেট করছেন। প্রচারে নেমে তারা তাদের হাতে বিভিন্ন কৌশলে অথবা সরাসরি নগদ অর্থ ধরে দিচ্ছেন বলে এক প্রার্থীর সমর্থক জানান।

বিভিন্ন মহল্লায় নির্বাচনী বৈঠকের নামে ডেকে নিয়ে তাদের মধ্যে টাকা বিলানো হচ্ছে।এসব বৈঠকে প্রার্থীর একান্ত আপনজনদের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে যে টাকার ছড়াছড়ি হয় তা বাহির থেকে বুঝার কোন উপায় থাকেনা।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রার্থী জানান,নির্বাচনের আগে এতো কালো টাকার ছড়াছড়ি এর আগে কখনো দেখেননি।

তিনি আরও বলেন, টাকার কাছে আমাদের মতো নিবেদিত প্রাণ ও সৎ প্রার্থীরা অসহায় হয়ে পড়েছি।

এইসব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণার সময় গতিবিধির উপর নজর রাখার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে দাবি জানিয়েছেন ভোটাররা। তাদের একটাই দাবি প্রশাসন,নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থা কালো টাকা ছড়াছড়িকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এবারে নির্বাচনে যোগ্য,সৎ ও মেধাবী প্রার্থীরা জয়ী হয়ে আসতে পারবেনা।

এ ব্যাপারে উপজেলা রিটার্নিং অফিসার মিজানুর রহমান বলেন,এখন পর্যন্ত কোন প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ছড়াছড়ির কোন অভিযোগ পাইনি,লিখিত অভিযোগ পেলে সেই প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত