১৩ এপ্রিল, ২০১৬ ০০:৫৬
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় মোট ১৪টি ইউনিয়নের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই যেন সব আলোচনার কেন্দ্রে চলে আসছে নির্বাচনী মাঠের প্রার্থীদের সম্ভাবনার হিসাব-নিকাশ। বানিয়াচং সদরের চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতে নির্বাচন হবে।
নির্বাচনী এলাকা ঘুরে ও ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে এবার সদর ইউনিয়নগুলোতে দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সদর ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী। তবে ভোটারদের দৃষ্টিতে এগিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান খান(নৌকা) ও আলহাজ্ব আব্দুছ ছালাম (লাঙল)। এই দুজনের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অনেকেই মনে করছেন। এছাড়া আরো তিনজন প্রার্থী রয়েছেন অত্র ইউনিয়নে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে অন্যতম প্রার্থী আলহাজ্ব আব্দুছ ছালাম এর সাথে স্থানীয় বড়বাজারে আলাপকালে তিনি জানান, 'আমি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে জনগণের মন জয় করেছি, বাকীটা উপরওয়ালার ইচ্ছা।'
এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৬শ ৭০ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৬শ ৪৯ জন ও মহিলা ভোটার ৯হাজার ২১জন।
সদর ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে ০৪ জন চেয়ারম্যান প্রার্থী। ধানের শীষ ও নৌকার মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট এলাকার ভোটাররা। গেল বছর সামান্য ব্যবধানে হেরেছেন ওয়ারিশ উদ্দিন খান( ধানের শীষ)। ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান হায়দুরুজ্জামান খান (নৌকা) ও ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এছাড়া আরো দুজন প্রার্থী রয়েছেন ইউনিয়নে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫হাজার ১শ ১৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৪শ ৯৮ জন ও মহিলা ভোটার ৭হাজার ৬শ ২০ জন।
সদর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে ০৮ জন চেয়ারম্যান প্রার্থী। আট জনের মধ্যে এগিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (আনারস)ও বিএনপি মনোনীত প্রার্থী মহিবুর রহমান বাবলু (ধানের শীষ)। এছাড়া আরো ছ'জন প্রার্থী রয়েছেন অত্র ইউনিয়নে।
৩নং ইউনিয়নের বাসিন্দা সংস্কৃতি কর্মী আব্দুল হক মামুন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এবারের নির্বাচনে আনারস ও ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে; কারণ দুজনেই বিশ দলীয় জোটের প্রার্থী এবং হাবিবুর রহমান জামায়াতে ইসলামির একজন সক্রিয় নেতা।'
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৮শ ৫২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৭শ ৯১ জন ও মহিলা ভোটার ৯হাজার ৬১ জন।
নির্বাচনের দিন নিরাপত্তা ব্যবস্থা কীরূপ হবে তা নিয়ে আলাপ করলে নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ' এই নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হবে, সব রকম ঝামেলা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হবে।'
আপনার মন্তব্য