১৩ এপ্রিল, ২০১৬ ১৭:০২
মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের গ্রামতলা (ব্রাক্ষণপাড়া) গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল হান্নানের বাড়িতে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দুটার দিকে ডাকাতির এ ঘটনাটি ঘটে। ডাকাতরা নগদ ৮২ হাজার টাকা, ২৬ ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোনসেট ও ২টি টর্চলাইট নিয়ে গেছে।
ডাকাত কবলিত বাড়ির লোকজন ও পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দুটার দিকে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত কলাপসিবল গেট ও দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের পরিবারের সবাইকে বেঁধে ফেলে। পরে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. জুনায়েদ আলম সরকার।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ডাকাতির সত্যতা নিশ্চিত করে বুধবার (১৩ এপ্রিল) বলেন, ‘ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
আপনার মন্তব্য