১৬ এপ্রিল, ২০১৬ ১৩:১৭
আসন্ন বানিয়াচং ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাত্র সাতদিন বাকী। প্রত্যেক দলের প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বানিয়াচং উপজেলা বিএনপি।
বানিয়াচং উপজেলার ১৫টি ইউপির মধ্যে ১৪টি ইউপিতে আগামী ২৩ শে এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৫টি ইউনিয়নে বিএনপির ৬ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এই ৬টি ইউনিয়নে দল মনোনীত প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থীরা থাকায় দলের মধ্যে চরম বিশৃ্ঙ্খলা দেখা দিয়েছে। ফলে দলীয় প্রার্থীদের ভরাডুবির আশংকা করছেন বিএনপির নেতা কর্মীরা।
জানা যায়,সদর দক্ষিণ-পূর্ব ইউনিয়নে ধানের শীষ প্রতীক পেয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু। আর এই ইউনিয়নে দলের বিদ্রোহী হিসেবে প্রার্থী রয়েছেন ইউপির বিএনপির দপ্তর সম্পাদক ছামির আলী (ঘোড়া)।
দৌলতপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল হাই। বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দাশ (চশমা)।
৭ নং বড়ইউড়ি ইউনিয়নে ধানের শীষ প্রতীক পেয়েছেন জেলা বিএনপির সদস্য মোস্তফা আল-হাদী। আর এই ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন উপজেলা ওলামাদলের সভাপতি আবু মুসা (অটোরিকশা) ও ইউপি বিএনপির সভাপতি এনামুল হক সবুর (ঘোড়া)।
১৩ নং মন্দরী ইউনিয়নে ধানের শীষ প্রতীক পেয়েছেন জেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুর রব। আর বিদ্রোহী হিসেবে রয়েছেন ইউপি যুবদলের সভাপিতি নুরুল হুদা(মোটরসাইকেল)।
১৫ নং পৈলারকান্দি ইউনিয়নে ধানের শীষের প্রার্থী বিএনপির সমর্থক কামাল তালুকদার। আর বিদ্রে্রাহী প্রার্থী হয়েছেন বিএনপির আরেক সমর্থক নাছির উদ্দিন চৌধুরী (আনারস)।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল জানিয়েছেন, 'যারা বিদ্রোহী প্রার্থী শোকজ করা হয়েছে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনী সকল কার্যক্রম বন্ধ করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে চিঠির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।'
আপনার মন্তব্য