১৬ এপ্রিল, ২০১৬ ১৭:৩৭
'চেতনার জাগরণে বই’-এই স্লোগানে সিলেটে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী বই মেলা। শনিবার দুপুরে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক ইমদাদুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুরুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. কামরুল আহসান, জাতীয় গ্রন্থকেন্দ্র’র পরিচালক মো. আখতারুজ্জামান, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ সভাপতি মাজহারুল ইসলাম।
সিলেট জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এ মেলায় ৫১টি স্টল অংশ নিয়েছে। ২৫ শতাংশ কমিশনে মেলায় বই বিক্রি করবে দেশের ৪৮টি প্রকাশনা প্রতিষ্ঠান।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য খোলা থাকবে। তাছাড়া ছুটির দিনও সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানকে কিছুক্ষণ আগে গ্রেফতারের বিষয়টি শুনেছি। কাজেই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
আপনার মন্তব্য