বিশ্বনাথ প্রতিনিধি

২০ এপ্রিল, ২০১৬ ১৩:০১

বিশ্বনাথে আহত ছাত্রদল নেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার একদিন পর প্রাণ হারালেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ আমির হামজা (২৪)। আজ বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেল ৩টায় গ্রামের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে সোমবার সন্ধ্যায় মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি আহত হন। ওইদিন কালিগঞ্জ থেকে বিশ্বনাথ যাবার পথে হরিকলস নামস্থানে পল্লী বিদ্যুতের খোঁটা বহনকারী গাড়ির সঙ্গে সরাসরি ধাক্কা লেগে সহপাঠী খলিল ও সালামসহ তিনি আহত হন। সহপাঠী দু’জনের অবস্থা গুরুতর না হলেও আশংকাজনক অবস্থায় তাকে (হামজা) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে দুর্ঘটনার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আমির হামজা উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁওয়ের প্রবাসী মরহুম চেরাগ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি মা, এক ভাই, ৪ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদি লুনা, সিলেট জেলা বিএনপি নেতা বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীসহ উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।  

আপনার মন্তব্য

আলোচিত