সিলেটটুডে ডেস্ক

২১ এপ্রিল, ২০১৬ ১৭:১৬

সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘ঢাকা এফএম ৯০.৪’

সারাদেশে বেতার মাধ্যমকে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার নিয়ে ঢাকা থেকে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ এফএম রেডিও নেটওয়ার্ক ‘ঢাকা এফএম ৯০.৪’ পূণ্যভূমি সিলেটেও আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করে ঢাকা এফএম ৯০.৪। এ সময় সিলেটের কৃষ্টি-লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য এবং ঢাকা এফএম ৯০.৪ এর কাছে সিলেটবাসীর প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা এফএম ৯০.৪ এর পরিচালক (বিক্রয় ও বিপণন) এহসান মাহবুব, ঢাকা এফএম ৯০.৪ এর সহযোগী প্রতিষ্ঠান নিউজ বাংলাদেশ এর সিলেট ব্যুরো চিফ অপূর্ব শর্মা,  ও ঢাকা এফএম ৯০.৪ এর বিপণন কর্মকর্তা শহীদুল ইসলাম শিশির।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাত আহমদ চৌধুরী মিশু, নাট্য ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্ত, গণমাধ্যমকর্মী ফারুক আহমেদ, ওয়েস খসরু, সামির মাহমুদ, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, দেবব্রত চৌধুরী লিটন, একুশ তাপাদার, আব্দুল আহাদ, খলিলুর রহমান, বেলাল আহমদ, দ্বোহা চৌধুরী, রেডিও উপস্থাপক রুবেল আহমদ কুয়াশা প্রমুখ।

সভায় ঢাকা এফএম ৯০.৪ এর পরিচালক (বিক্রয় ও বিপণন) এহসান মাহবুব বলেন, ঢাকা এফএম ৯০.৪ দেশের লোকজ সংস্কৃতি ও বাংলা গানের ধারাকে আরো উজ্জ্বীবিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সিলেটসহ সারাদেশের লোকজ সংস্কৃতির যে অফুরন্ত ভাণ্ডার রয়েছে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখার একটি উদ্যোগ ঢাকা এফএম ৯০.৪ গ্রহণ করেছে। দ্রুততম সময়ের মধ্যে সিলেটবাসীর পছন্দের একটি বেতার মাধ্যম হিসেবে ঢাকা এফএম ৯০.৪ নিজের অবস্থানকে প্রমাণ করতে পারবে।

ঢাকা এফএম ৯০.৪, ২০১২ সালে ঢাকা থেকে যাত্রা শুরু করে। মাত্র ৪ বছরের মধ্যে রাজধানীর পরিসীমা পেরিয়ে দেশের সবচেয়ে বড় বেতার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার অংশ হিসেবে সিলেট ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, রাজশাহী, বগুড়া, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ অঞ্চলে সম্প্রচার শুরু করে।

সুস্থ সংস্কৃতি, অবিকৃত ভাষা, সামাজিক মূল্যবোধ, স্বাধীনতার চেতনা এবং স্বকীয়তাকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্কৃতিক পরিমিত মিশ্রনে আধুনিকতা ও ঐতিহ্যের সুষম অবস্থানের মাধ্যমে দেশব্যাপী শ্রোতাদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে ঢাকা এফএম ৯০.৪।

বিনোদনের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে প্রাত্যহিক জীবনের তথ্য, পরামর্শ, সতর্কতা, পূর্বাভাস সবকিছুই রয়েছে ঢাকা এফএম ৯০.৪ এর আয়োজনে। এছাড়াও বিশেষ অনুষ্ঠানের মধ্যে জীবনের বাস্তবতা, জটিলতা, সম্পর্ক, ভালোবাসা, আত্মসমালোচনা, অনুশোচনা, স্বীকারোক্তিসহ জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, বাণিজ্য, খেলাধুলা, প্রযুক্তি, জীবনযাত্রা, এবং বিনোদন দুনিয়ার খবর পরিবেশন করছে ঢাকা এফএম ৯০.৪। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও কাজ করছে ঢাকা এফএম ৯০.৪।

আপনার মন্তব্য

আলোচিত