২৩ এপ্রিল, ২০১৬ ১৩:৩১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৭টি ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। দুপুর ১টায় এ সংবাদ লেখা পর্যন্ত ৭ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।
শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ভোটগ্রহণের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করছেন ভোটাররা। কয়েকটি কেন্দ্রে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভোট দিতে না পারায় অনেক নারী ভোটারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
দুপুর সাড়ে ১২টায় ভূকশিমইল ইউনিয়নের মনসুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে কথা হয় ভোট দিতে আসা হাসিনা বেগম, মমতা বেগম, রুবেনা বিবি ও আজিরুন নেছার সাথে। তারা বলেন, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু লাইন একেবারেই এগোচ্ছে না মনে হয়। ভোট নেওয়া হচ্ছে ধীরে। দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যাথা শুরু হয়ে গেছে। প্রচন্ড গরমে খুব কষ্ট হচ্ছে।’
ভূকশিমইল ইউনিয়নের মনসুরগঞ্জ ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫০% ভোট গ্রহণ হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এ ইউনিয়নের বাদেভূকশিমইল ইবতেদায়ী মাদ্রসা কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এ কেন্দ্রে ১টা পর্যন্ত ৩৫% ভোট গ্রহণ হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে ৭টি ইউনিয়নের ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করছেন সিলেটের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ্ জালাল।
ভূকশিমইল ইউনিয়নের স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে থাকা ওসি মো. মনিরুজ্জামান জানান, ভোটকেন্দ্রগুলো পরিদর্শন শেষে ডিআইজি ও পুলিশ সুপার স্যার শান্তিপূর্ণ ভোট গ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আপনার মন্তব্য