নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০১৬ ১৫:৩১

আল আমিন জামেয়ায় ৩য় শ্রেণীর ছাত্রীকে শিক্ষিকার মারধরের অভিযোগ

সিলেট নগরীর মেজরটিলাস্থ আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে ৩য় শ্রেণীর  ছাত্রীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের ইকরা আরা হক মীন নামের ৩য় শ্রেণীর ছাত্রীকে শিক্ষিকা সুলতানা বেগম কাঠের স্কেল দিয়ে শরীরের বিভিন্নস্থানে বেদম প্রহার করেছেন বলে অভিযোগ করেছেন মীনের অভিভাবক।

মীনের মামা শাহীন আহমদ চৌধুরী নয়ন জানান, শনিবার বিদ্যালয় ছুটির কিছুক্ষণ আগে ৩য় শ্রেণীর শ্রেণীকক্ষে ছাত্রীদের হই-হুল্লোড় শুনে অভিযুক্ত শিক্ষিকা সুলতানা বেগম কাঠের স্কেল নিয়ে শ্রেণী কক্ষের দিকে আসছেন দেখে অন্য শিক্ষার্থীরা স্থান ত্যাগ করলে ইকরা আরা হক মীনের উপর চড়াও হন তিনি। এসময় মীনের শরীরের বিভিন্ন স্থানে কাঠের স্কেল দিয়ে নির্দয় ভাবে পেটান, এতে কাঠের স্কেলটি ভেঙ্গে যায়। আহত হয়ে মীন বাড়িতে ফিরে গেলে মীনের অভিভাবকরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন ঐ শিক্ষিকার বিরুদ্ধে।

মীনের অভিভাবক এ ব্যাপারে নালিশ নিয়ে প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি তাদের বলেন, স্কুলের শৃঙ্খলার স্বার্থে মীনকে হয়তবা শিক্ষিকা একটু শাসন করা হয়েছে।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোহাগের সাথে শাসনও লাগে। শিক্ষিকা সুলতানা বেগম নতুন চাকরিতে যুক্ত হয়েছেন। আমি এ বিষয়ে খোজ খবর নিচ্ছি। যদি ঘটনা সত্য হয় তাহলে এই বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা সুলতানা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।"

আপনার মন্তব্য

আলোচিত