২৭ মে, ২০১৬ ২৩:২০
হবিগঞ্জের লাখাই, নবীগঞ্জ, মাধবপুর ও বানিয়াচং উপজেলার ৩১টি ইউনিয়নে শনিবার ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এখানে ২৯৭টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২১৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
৩১টি ইউনিয়নের বেশ কয়েকটি ইউনিয়নেই আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় নির্বাচনী এলাকার জনগন ধারনা করছেন এবারের ইউপি নির্বাচন হবে ক্ষমতার ও অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকার।
স্থানীয় সূত্রে জানা যায় ইতোপূর্বে আজমিরীগঞ্জ, বানিয়াচং ইউপি নির্বাচনে অধিকাংশ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হওয়ায় ২৮ মে শনিবারের নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, লাখাই উপজেলার ৬টি, নবীগঞ্জে ১৩টি, মাধবপুরে ১১টি ও বানিয়াচং উপজেলার ১টি ইউনিয়নে শনিবার ভোটগ্রহণ করা হবে। এর মাঝে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্র, নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে ১৩২টি কেন্দ্র, মাধবপুরে ১১ ইউনিয়নে ১০২টি কেন্দ্র ও বানিয়াচংয়ের ১টি ইউনিয়নে ৯টি কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসনের বিশেষ নজরদারী থাকবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৪ উপজেলায় ১ হাজার ৬১৬ জন পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া আইন শৃংখলা পরিস্তিতি নিয়ন্ত্রন রাখতে প্রতিটি কেন্দ্রে স্টাইকিং ফোর্স থাকবে। সেই সাথে র্যাব, বিজিবি, আনসার সদস্যতো থাকছেই।
আপনার মন্তব্য