জৈন্তাপুর সংবাদদাতা

২৮ মে, ২০১৬ ১৫:৪৫

ছিনতাইকারীকে ধরে ‘ছেড়ে দিলো’ পুলিশ, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

সিলেটের জৈন্তাপুরে এক ছিনতাইকারীকে আটকের পর পুলিশ ‌‌'ছেড়ে দেওয়ার' প্রতিবাদে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

শনিবার (২৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত একঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্দ জনতা।

এলাকাবাসী জানান, গত ২৬ মে (বৃহস্পতিবার) রাত অনুমান ১টায় গৌরী শংঙ্কর গ্রামের নিজাম উদ্দিনের ভাড়া ঘরে, একই রাত ৪টায় আব্দুস শুকুরের বসত ঘরে ও ভোর রাত ৫টায় বদর টেইলার্সে হামলা চালায় পশ্চিম গৌরীশংকর গ্রামের আলতাফুর রহমানের ছেলে জমির উদ্দিন (৩২)।

এ সময় এসব বাড়ির লোকজনের চিৎকারের শুনে গ্রামবাসী জড়ো হয়ে ২টি চাপাতি সহ জমিরকে আটক করে গণধোলাই দেয়। পরে ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাটের সহযোগীতায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে জমিরকে চাপাতিসহ হস্তান্তর করা হয়। এলাকাবাসীর অভিযোগ, উৎকোচের বিনিময়ে জমিরকে ছেড়ে দেয় পুলিশ।

তবে জৈন্তাপুর থানা পুলিশের দাবি, জমিরকে গণধোলাই দিয়ে জনতা পুলিশের হাতে তুলে দেয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে জমির হাসপাতাল থেকে থেকে পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, ২৮ মে সকালে বিষয়টি জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার এস.আই নাছির উদ্দিন মোবাইল ফোনে নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাটের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে পাঁচ গ্রামের পুরুষ মহিলা সহ জৈন্তাপুর মডেল থানা ঘেরাও করে এসআই নাসিরের প্রত্যাহার এবং ছিনতাইকারী জমিরকে গ্রেফতারের দাবি জানান।

এ সময় এলাকাবাসীর পক্ষে নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুলসহ চেয়ারম্যান সম্রাট দেখা করলে তিনি এ বিষয়ে কিছু না বলে অফিসার ইনচার্জ এর সাথে কথা বলার জন্য বলেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হতে থানার সামনে দুপুর ১২টায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে এবং টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ পালন করে।

এলাকাবাসীর গণ্যমান্যদের চেষ্টায় বেলা ১টায় ২৪ ঘন্টার মধ্যে এস.আই নাছিরকে জৈন্তাপুর মডেল থানা থেকে প্রত্যাহার এবং ছিনতাইকারী জমিরকে পুনরায় গ্রেফতার করার আহবান জানান। অন্যথায় ২৪ঘন্টা পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করার ঘোষনা দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।

এদিকে এলাকাবাসীর গণস্বাক্ষর সহ একটি স্বারকলিপি পুলিশের কাছে দেওয়া হবে বলে জানান ইউপি সদস্য মনসুর আহমদ।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট জানান, জমির উদ্দিনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ইতোপূর্বে এই ধরনের ঘটনার দায়ে গ্রামবাসী তাদেরকে এলাকা ছাড়া করে।

আপনার মন্তব্য

আলোচিত