২৮ মে, ২০১৬ ১৮:৩৮
বালাগঞ্জ উপজেলার দেওয়নবাজার ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা না করার অভিযোগে কেন্দ্রটি ঘিরে রেখেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার সন্ধ্যা ৬ টা থেকে তারা ভোট কেন্দ্র ঘিরে রাখে। এসময় ভোটকেন্দ্র এলাকায় উত্তেজনা দেখা দেয়।
স্থানীয়রা জানান, দেওয়ানবাজারের দুর্গম এলাকার কুবেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বিএনপি প্রার্থীর ভোট ব্যাংক হিসেবে পরিচিত। শনিবার ভোট গ্রহণের পর গণণা শুরু হলে স্থানীয় ভোটাররা কেন্দ্রের আশপাশে অবস্থান নেন। অবস্থানকারীদের বেশিরভাগই বিএনপি সমর্থক বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করতে টালবাহানা করেন নির্বাচনী কর্মকর্তারা। এতে স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে বন্যাদূর্গত এই ভোটকেন্দ্রটি ঘিরে রেখেছে।
এব্যাপারে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার লুৎফুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
সিলেটের এএসপি (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জাানান, এই কেন্দ্রে লোকজন জড়ো হয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
এই ইউনিয়নে আ'লীগ বিএনপিরসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আপনার মন্তব্য