সিলেটটুডে ডেস্ক

২৯ মে, ২০১৬ ২৩:০৯

মানহানি মামলায় খালাস পেলেন সবুজ সিলেট সম্পাদকসহ আরও ২ জন

মানহানি মামলায় বেকসুর খালাস পেয়েছেন দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক কাজী তোফায়েল আহমদ ও সিনিয়র স্টাফ রিপোর্টার এ এম দিপু সিদ্দিকী।

রোববার বিকেলে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এ রায় দেন।  

মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাপস কান্তি ভট্টাচার্য্য জানান, ২০১১ সালের ২ নভেম্বর দৈনিক সবুজ সিলেট পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান, তৎকালীন ব্যবস্থাপনা সম্পাদক কাজী তোফায়েল আহমদ ও সিনিয়র স্টাফ রিপোর্টার এ এম দিপু সিদ্দিকীর বিরুদ্ধে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম দন্ডবিধির ৫০০/৫০১ ধারায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৪ বছর ৪ মাস পর গতকাল বিকেল ৪ টায় মেট্রোপলিটন প্রথম আদালতে মাননীয় বিচারক মামলার রায় ঘোষণা করেন। বিচারক দীর্ঘ শুনানির পর ৪ জন সাক্ষীর জবানবন্দি ও তথ্য-প্রমাণাদি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আনীত  অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সবুজ সিলেট সম্পাদকসহ অপর ২ সাংবাদিককে বেকসুর খালাস প্রদান করেন।

বিচারক তাঁর আদেশে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পশাপাশি কারো বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনো সংবাদ প্রকাশ না করার নির্দেশ দেন। এছাড়াও আরো কিছু নির্দেশনা প্রদান করেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট তাপস কান্তি ভট্টাচার্য্য, অ্যাডভোকেট এইচ এম ইরশাদুল হক, অ্যাডভোকেট মো. আব্দুল জলিল খোকন, অ্যাডভোকেট মো. মসরু চৌধুরী শওকত, অ্যাডভোকেট আবুল খায়ের মোহাম্মদ হেলাল, অ্যাডভোকেট পৃথিশ দত্ত পিংকু, অ্যাডভোকেট রণজিত সরকার, অ্যাডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন ও অ্যাডভোকেট আবু সিদ্দিক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত