৩০ মে, ২০১৬ ১৯:৩৫
‘আমরা বাল্য-বিয়ে দেবোনা’ এ-প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলাকে ‘বাল্য বিয়ে’মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চায় উপজেলা প্রশাসন।
উপজেলার কোথাও যাতে বাল্য-বিয়ে না হয় সে জন্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলার সর্বত্র ব্যাপক তদারকি ছাড়াও ফরমালিন পরীক্ষার জন্যে ‘ডিটেক্টিভ মেশিন’ কেনার প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন। সোমবার(৩০মে) বিকেলে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এমনই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবির।
উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও মাশহুদুল কবির বলেন, আগামী জুন মাসের মধ্যে বিশ্বনাথ উপজেলাকে ‘বাল্য বিয়ে’মুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করছে। সে জন্য জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বমহলের সহযোগিতাও কামনা করেন তিনি।
সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন। উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন জালাল উদ্দিন, কবির হোসেন ধলা মিয়া, আনোয়ার খান, আব্বাস আলী।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা উত্তাপন করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বিভাস চন্দ্র মানি, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, প্রতিবন্ধী শিশু বিষয়ক কর্মকর্তা ডা: সুজিত বিশ্বাস।
আপনার মন্তব্য