সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০১৬ ১৬:২৮

আরেকবার পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

সকল আসামি উপস্থিত না থাকায় আরেকবার পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ। আসামী উপস্থিত না থাকায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণের তারিখ পরদিন বৃহস্পতিবার নির্ধারণ করেন। 

বুধবার (১ জুন) সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে সকল আসামিকে আদালতে হাজির হয়নি। 

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, বুধবার মামলার সকল আসামি আদালতে হাজির হয়নি। তাই আদালত সাক্ষ্যগ্রহণ না করে বৃহস্পতিবার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এদিকে কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত