০২ জুন, ২০১৬ ১৯:০৩
ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ব্র্যান্ডিং বিষয়ক এক মতবিনিময় সভা জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসার মোঃ সিরাজ উদ্দৌলা খানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শফিউল আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ. এমরান হোসেন।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, উন্নত দেশ গঠনের লক্ষ্যে দেশের সকল জনগণের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। তিনি আরো বলেন, আমাদের দেশে অনেক সম্পদ আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে বিভিন্ন ধরনের কার্যক্রম করছেন। তার কার্যক্রম তখনই সফল হবে যখন দেশের সকল জনগণ যার যার ক্ষেত্র থেকে তার কাজের অংশীদার হবেন।
সভায় আরো বক্তৃতা দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাফফর আহমদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী জমিলা বেগম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাংবাদিক সফিকুল আলম, সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি, হবিগঞ্জ মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ১০০ চিন্তাবিদের তালিকায় রয়েছেন এবং ডিসিশন মেকার হিসেবে বিশ্বের ১৩ চিন্তাবিদের একজন তিনি। বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী ১০টি বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য