০৩ জুন, ২০১৬ ১৯:৫২
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম জায়গীরদার নৌকা প্রতীক নিয়ে, এবং বিএনপি মনোনীত প্রার্থী মামুনুর রশীদ মামুন লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। বিএনপির প্রার্থী মামুন বর্তমান চেয়ারম্যানও।
নির্বাচনকে কেন্দ্র করে আলীনগর ইউনিয়নে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত। এলাকায় হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু ভোটার সহ জেলে সম্প্রদায়ের অনেকেই রয়েছেন; যারা বরাবরই নৌকা প্রতীকে ভোট দিয়ে থাকেন বলে প্রচার। কিন্তু এবারই প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের পরও আওয়ামীদুর্গে হানা দিতে বিএনপি সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
বিএনপি প্রার্থী মামুনুর রশীদ মামুন এলাকার সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদের পুত্র ও বর্তমান চেয়ারম্যান হওয়ার কারণে এলাকায় বেশ প্রভাবশালী। তাছাড়া বিএনপির এ প্রার্থীর পক্ষে দেশ-বিদেশের দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এলাকা চষে বেড়াচ্ছেন।
অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গীরদার এবারই প্রথমবারের মত নির্বাচন করছেন, এবং তাঁর পক্ষে ইউনিয়নের সব দলীয় নেতাকর্মীও মাঠে নামেননি। বিএনপি প্রার্থী মামুনের পক্ষে কাজ করছেন অনেকেই, আবার অনেকেই প্রচার-প্রচারণায় নিষ্ক্রিয় রয়েছেন। এতে করে অনেকটা একা একাই নির্বাচনের প্রচার চালাচ্ছেন তিনি। যদিও জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা নৌকার পক্ষে ইউনিয়নে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন। এ
দিকে, নির্বাচন যতই এগিয়ে আসছে আলীনগর ইউনিয়নের বাতাসে ততবেশি টাকা ওড়ছে। বিএনপি প্রার্থী মামুনুর রশীদ মামুনের পক্ষে প্রবাসী বিএনপি নেতারা টাকা খরচ করছেন বলে অভিযোগ। যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন খালিকের পরিবারের সদস্যদের কয়েকজন তা তদারকি করছেন প্রচার।
প্রসঙ্গত, মামুনুর রশীদ মামুন শাহীন খালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং শাহীন খালিক যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন শহরে ২ নং ওয়ার্ডের কাউন্সিলম্যান।
আলীনগর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থক ইফতাদ চৌধুরী বলেন, ইউনিয়নে আওয়ামী লীগের কমপক্ষে ৫ হাজার নেতাকর্মী রয়েছে এলাকায়, এর বাইরে আছে অনেক ভোটার। নির্বাচনে দলের নেতাদের সবাই মাঠে না নামলেও কর্মীরা বসে নেই। কেবল নৌকা'র ভোট পেলেই ইউনিয়নে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত বলে মনে করেন ইফতাদ।
এদিকে বিএনপি সমর্থক রুবেল আহমদ বলেন, ধানের শীষের পক্ষে এলাকায় জোয়ার উঠেছে। নির্বাচনে প্রতীক কোন ব্যাপারই নয়, মানুষ প্রার্থী দেখে মামুনুর রশীদকে নির্বাচিত করবে।
আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম জায়গীরদার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনগণ তার পক্ষেই রায় দেবে। বিগত দিনে এই ইউনিয়নে কোনো উন্নয়ন না হওয়ায় জনগণ এবার পরিবর্তন চায়। ফলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
অপরদিকে বিএনপি প্রার্থী মামুনুর রশীদ মামুন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুষ্ঠ নির্বাচন হলে তিনিই বিজয়ী হবেন। জনগণ বর্তমান সরকারের উপর ক্ষুব্ধ জানিয়ে বলেন, ইউপি নির্বাচনেও এই ক্ষোভের প্রকাশ ঘটবে।
আপনার মন্তব্য