০৪ জুন, ২০১৬ ১৪:৩১
তীব্র গরমের কারণে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। উপজেলার ১ নং আলীনগর ইউপির রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছেন ৬৬৭ জন ভোটার। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নিজাম উদ্দিন জানিয়েছেন, বেলা পৌনে ১২ টা পর্যন্ত কেন্দ্রটিতে ২২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উপজেলার চারখাই ইউপির চারখাই মোশাহিদিয়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ২ হাজার ৬ শত ৫৩ জন ভোটারের মধ্যে বেলা ১২ টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান সিরাজ।
তিনি জানান, গরমের কারণে ভোট দিতে ভোটাররা দেরিতে আসছেন। শেষ মুহুর্তে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করেন তিনি।
তবে উপজেলার শেওলা ইউপির শেওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। এই কেন্দ্রে ১ হাজার ৮ শত ৫৩ জন ভোটারের মধ্যে বেলা পৌনে ১ টা পর্যন্ত ৫০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সফিউল্লা ভূইয়া কেন্দ্রটিতে গরম উপেক্ষা করেও বিপুল সংখ্যক ভোটার উপস্থিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১ লক্ষ ৩৮ হাজার ৯৮০ জন ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উপজেলায় মোট ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলায় চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আপনার মন্তব্য