নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০১৬ ০০:১২

যুক্তরাজ্য থেকে কিভাবে আসলো গুলি ভর্তি ব্যাগ?

শনিবার সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ রাউন্ড শর্টগানের গুলিসহ এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করা হয়। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ফিরেন তিনি। যুক্তরাজ্য থেকেই লাগেজ ভর্তি করে গুলিগুলো নিয়ে আসেন তিনি।

যুক্তরাজ্যের মতো নিরাপত্তা ইস্যুতে সতর্ক থাকা একটি দেশ থেকে কি করে এতোগুলি গুলি বাংলাদেশে নিয়ে আসা হলো, এ নিয়ে বিস্মিত গোয়েন্দারাও। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টার করছেন তাঁরা।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার বলেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইংল্যান্ড আমাদের নিরাপত্তা দিয়ে এতো সতর্ক থাকে, বিভিন্ন সময় শঙ্কা প্রকাশ করে অথচ হিথ্রু বিমানবন্দরে থেকে কি করে এতোগুলি দেশে আসলো, এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। তিনি বলেন, এগুলোতো বিমানেও ফুটতে পারতো। যুক্তরাজ্য থেকে ব্যাগ ভর্তি গুলি নিয়ে আসাকে নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি।

শনিবার সকালে ওসমানীতে গুলিসহ আটক হওয়া যুক্তরাজ্য প্রবাসী আবদুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের ছেলে।

গুলি উদ্ধারের বিষয়ে কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার বলেন, ওই প্রবাসীর ব্যাগেজ চেক করলে তিনি বলেছিলেন লাগেজে চকলেট রয়েছে। এসময় আমরা ব্যাগেজ খুলে তা ভারি মনে হয়। আমরা সেটি স্ক্যানিং করি। পরে তিনি বলেন, ব্যাগেজের ভেতরে জুতার বাক্স। এরপর আমরা আবার স্ক্যনিং করে ছয়টা প্যাকেটে ১৫০ টি কার্তুজ (গুলি) পাই।

খায়রুল বলেন, ওই প্রবাসী জানিয়েছেন, দেশে তার ভাইয়ের লাইসেন্স করা পিস্তল আছে। এই পিস্তলের জন্যই গুলি নিয়ে এসেছেন। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বিমানের ০০২ ফ্লাইটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আবদুস সবুর। সকাল ১১টার দিকে তার লাগেজ স্ক্যানিং করার সময় শর্টগানের গুলির অস্তিত্ব ধরা পড়ে।

লাগেজ তল্লাশি করে ১৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে গুলির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি আবদুস সবুর। ফলে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত