শ্রীমঙ্গল প্রতিনিধি

০৬ জুন, ২০১৬ ১৬:২৫

শ্রীমঙ্গলে দেয়াল চাপায় চা শ্রমিকের সন্তানের মৃত্যু, ম্যানেজারের বাংলো ভাংচুর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেয়াল চাপায় এক চা শ্রমিকের সন্তানের মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে ফুঁসে উঠেছে চা বাগান শ্রমিকরা।

প্রতিবাদে শ্রমিকরা সহকারী ব্যবস্থাপকের বাংলোতে হামলা করে ভাংচুর করে। এসময় শ্রমিকদের হামলায় ভুরভুরিয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক শফিক মিয়া ও ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার এস এন তাহের গুরুতর আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, রোববার বিকেলে শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ভেঙ্গে পরে জিৎ মোদি (৮) নামে এক চা শ্রমিকের সন্তান আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তাররা তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান।

চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। মৃত জিৎ মোদি বাগানের চা শ্রমিক গণেশ মোদি’র ছেলে।

পরে শিশুটির লাশ সোমবার সকালে শ্রীমঙ্গল নিয়ে এলে বাগানের শ্রমিকরা উত্তেজিত হয়ে বাগানের সীমানা প্রাচীরের দেয়াল, চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলো, মটর সাইকেল ও বাংলোর আসবাবপত্র ভেঙ্গে ফেলে।

এসময় শ্রমিকরা বাগানের সহকারী ব্যবস্থাপক শফিক মিয়া ও ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার এস এন তাহের উপর হামলা চালায়। গুরুত্বর আহত অবস্থায় ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার এস এন তাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

চা শ্রমিকরা অভিযোগ করে বলেন, বাগান কর্তৃপক্ষ রড ব্যবহার না করে বাগানের সীমানা প্রাচীর তৈরী করে। দেয়ালের সামনে দিয়ে কোন বড় যানবাহন গেলে দেয়াল কেপে উঠতো। এ নিয়ে বার বার অভিযোগ করলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত