নবীগঞ্জ প্রতিনিধি

০৬ জুন, ২০১৬ ১৭:৩১

নবীগঞ্জ পৌর শহরে তীব্র যানজট, নীরব পৌর কর্তৃপক্ষ

যানজটের শহরে পরিণত হয়ে গেছে নবীগঞ্জ। নবীগঞ্জ পৌর শহরে প্রতিদিনই যানজটের ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও অসহায় মানুষজন।

এদিকে নিয়মনীতি তোয়াক্কা করছেন না গাড়ীর মালিক-শ্রমিকরা। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পৌর শহরের বিভিন্ন সড়কে যত্রতত্র ব্যাঙ্গের ছাতার মতো গড়ে তুলেছেন সিএনজি অটোরিক্সা, টমটম ও মিনি বাসের অবৈধ স্ট্যান্ড।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে প্রধান রাস্তার উপর বড় বড় ট্রাক দাড় করিয়ে লোড-আনলোড করা হয় ধান। রাস্তার উভয় পাশে দাড়িয়ে থাকে সিএনজি। এতে প্রতিদিনই লাগছে যানজট, এতেই বাড়ছে ভোগান্তি।

এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটি নিরসনের দায়িত্ব কার? এসব দেখার কি কেউ নেই? পৌর কর্তৃপক্ষ নীরব কেন?

এসব যেন পৌর কর্তৃপক্ষের নজরে আসছে না। পৌর কর্তৃপক্ষের রহস্যজনক নীরব ভূমিকা নিয়েও সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শহরের বিভিন্ন স্থানে ঘোরে দেখা গেছে, থানার পয়েন্ট, ওসমানী রোড (উত্তরা ব্যাংকের সম্মুখে), হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সম্মুখে, হাসপাতালের গেইটের নিকট, শেরপুর রোডের রাজা কমপ্লেক্সের সম্মুখে, শেরপুর রোডের বাংলা টাউনস্থ ইসলামী ব্যাংকের সম্মুখে, রুদ্রগ্রাম রোডের সোনার খনি-ব্রীজ পর্যন্ত, এছাড়াও শহরের নতুন বাজার মোড় এলাকায় প্রায় সময়ই প্রধান সড়কের উপর দাঁড়ানো থাকে সারি সারি ছোট বড় গাড়ী। এসময় পথচারীদের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

অপর দিকে অভিযোগ আছে, শহরে যানজটের কারণ হলো এক শ্রেণীর ব্যবসায়ীরা নিজের স্বার্থের জন্য মালবাহী ট্রাক-ট্রাক্টর দিনদুপুরে রাস্তার উপর দাড় করিয়ে মালামাল লোড-আনলোড করে থাকেন। এতেও যানজট ব্যাপকভাবে বেড়ে যায়।

এ ব্যাপারে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে শহরের যানজট নিরসনের জন্য একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু বাস্তবায়ন হয়নি আজও। মাঝে মধ্যে অভিযান হয় কিন্তু অভিযান বন্ধ হলেই যে যার মতো করে রাস্তার উপর গাড়ি দাড় করিয়ে যানজটের সৃষ্টি করে। সোমবার আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে যানজট নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষকে দায়ী করেন।

পৌর নাগরিকরা জানান, যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছেন। প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ না করায় পৌরবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করণে অগ্রণী ভূমিকা পালনের জন্য মেয়রের প্রতি জোর আহবান জানান পৌরবাসী।

আপনার মন্তব্য

আলোচিত