সিলেটটুডে ডেস্ক

০৯ জুন, ২০১৬ ১৬:৫২

ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম

সিলেট জেলা ছাত্রলীগ নেতা আলী হোসেনকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে পাঁচটি এলাকার জনসাধারণ একত্রিত হয়ে মানবন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সিলেট নগরীর উপশহর মেইন রোডে এ মানবন্ধনটি অনুষ্টিত হয়।

২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগের আলী হোসেনের অবৈধ জায়গা দখল,সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির কারণে অতিষ্ট সিলেট নগরীর গাজী বুরহান উদ্দিন আবাসিক এলাকা, তেররতন,সৈদানীবাগ, উপশহর ও সাদারপাড়া এলাকার বাসিন্দারা। আলীর নানা অপকর্মের কারণে একাধিকবার পুলিশ প্রশাসনের দারস্থ হলেও প্রশাসন রহস্যজনক কারণে নীরব। আলীর বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলাবাহিনী যথাযথ ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, পাঁচটি এলাকার স্থানী ব্যক্তিদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জায়গার উপর দীর্ঘদিন থেকে আলী হোসেন সাইনবোর্ড লাগিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। তার অপকর্মের কারণে অত্র এলাকার বাসিন্দারা অতিষ্ট। এমনকি দাবিকৃত চাঁদা না দিলে পুলিশ দিয়ে অযথা হয়রানি করা হয়।

এসময় মানবন্ধনে উপস্থিত ছিলেন উমেদ চৌধুরী, শাহেদ চৌধুরী, কচ্চু মিয়া, ফয়জু মিয়া, কাদির মিয়া, বাবুল মিয়া, মুতাল্লিব আহমদ, হোসেন আহমদ, মান্নান আহমদ, আক্কাছ আলী, কালাম আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত