হবিগঞ্জ প্রতিনিধি

১৬ জুন, ২০১৬ ১৬:২৫

নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজের দু’দিন পর হবিগঞ্জ শহর সংলগ্ন খোয়াই নদী থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সঞ্জিত কুমার দাশের (৫৮) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও সঞ্জিত দাসের স্বজনরা জানান, শায়েস্তাগঞ্জ ডাকঘর এলাকায় একটি দোকানে চা, বিস্কুট, সিগারেট বিক্রি করতেন ক্ষুদ্র  ব্যবসায়ী সঞ্জিত কুমার দাশ। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে দোকান থেকে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন।

এ ব্যাপারে ওইদিন রাতে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন তার ছেলে ইমন দাশ। আজ বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদীতে একটি লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। দুপুরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

এ সময় সঞ্জিত দাশের ভাই অসিত রঞ্জন দাশ মৃতদেহ সনাক্ত করেন। শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় পুলিশ ময়না তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।

এ দিকে নিহতের ভাই অসিত রঞ্জন দাশ দাবি করেন, দোকান থেকে বাসার দূরত্ব সর্বোচ্চ ২০ গজ। সাদাসিধে সঞ্জিত দাসের আত্মহত্যা করারও কোন কারণ নেই। তাই বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার  দূরের খোয়াই নদীতে তিনি কিভাবে গেলেন সেটি এখন ভাবনার বিষয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত