১৬ জুন, ২০১৬ ১৮:২১
নগরীর কালীঘাটে পরিবহন শ্রমিক ও দোকান শ্রমিকরা সংঘর্ষ বাঁধিয়ে শতাধিক গাড়ি ভাংচুর করে তাণ্ডব চালিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে চাল উত্তোলন নিয়ে দুই শ্রমিক পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
জানা যায়, কালীঘাটের আড়ৎ থেকে চাল উত্তোলন করতে আসা ট্রাকের পার্কিং করা নিয়ে ঐ এলাকার দোকান শ্রমিকদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিপুল সংখ্যক শ্রমিক লাঠিসোটা নিয়ে নির্বিচারে গাড়ি ভাংচুর করতে থাকে, অপরদিকে পরিবহন শ্রমিকরা ইট পাটকেল ছুড়ে তার জবাব দিলে বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় পুরো এলাকায় আতংক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ১৫/১৬ জন আহত হন।
পরিবহন শ্রমিকরা অভিযোগ করে বলেন, দোকান শ্রমিকরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পণ্য নিতে আসা গাড়িগুলোতে নির্বিচারে ভাংচুর করেছে। সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে গাড়ি ভাংচুরের অভিযোগ অস্বীকার করে দোকান শ্রমিকরা বলেছে, তারা কোন গাড়ি ভাংচুর করেনি। দোকান শ্রমিক আব্দুল জলিল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের উপর দোষ চাপানোর জন্যে পরিবহন শ্রমিকরা নিজেরাই নিজেদের গাড়ি ভাংচুর করেছে।"
তবে পরিবহন শ্রমিক আক্তার হোসেনের দাবি, দোকান শ্রমিকরা নির্বিচারে গাড়ি ভাংচুর করেছে।
এই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। তিনি দুই শ্রমিক পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষের খবর পেয়েই আমরা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি, বেশ কিছু গাড়ি ভাংচুর হয়েছে তবে এখন সব শান্ত।"
আপনার মন্তব্য