সিলেটটুডে ডেস্ক

১৭ জুন, ২০১৬ ০০:৩৭

অর্থের অভাবে কি আটকে যাবে রুমার চিকিৎসা?

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যুগে যুগে, সময়ে সময়ে বিপন্ন মানবতার সাহায্যার্থে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষ। সামর্থ্যবান মানুষের মমতায় ঘেরা হাত বাড়ানোয় নতুন আশা দেখতে পায় অসহায় মানুষ। তবে রুমা বেগম কেন হতাশায় মুষড়ে পড়বেন? কেন অর্থের অভাবে থমকে যাবে তার চিকিৎসা?

মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরোর ক্যামেরাপার্সন ফেরদৌস আহমদের স্ত্রী রুমা বেগম (২২)। দুটি ফুটফুটে সন্তানের মা রুমা ব্রেইন টিউমারে আক্রান্ত। বর্তমানে অপারেশন ছাড়া কোনো গতি নেই বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

গত ১১ জুন সিলেট এমএজি ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসার জন্য রুমা বেগমকে ঢাকাস্থ ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স’ এ রেফার্ড করা হয়েছে। সেখানে রুমার ব্রেইন টিউমারের অপারেশন করতে হবে। কিন্তু অপারেশনের জন্য প্রয়োজন ১২ লাখ টাকা। এই ব্যয় বহন করার সামর্থ্য নেই রুমার স্বামী ফেরদৌস আহমদের। দীর্ঘদিন ধরে চলা রুমার ব্রেইন টিউমারের চিকিৎসা ব্যয় চালাতে গিয়ে বর্তমানে সর্বশান্ত অবস্থা ফেরদৌস আহমদের পরিবারের।

আর তাই তারা তাকিয়ে আছেন সমাজের বিত্তশালী, হৃদয়বান মানুষদের দিকে। সামর্থ্যবান মানুষের সাহায্যে রুমার ব্রেইন টিউমারের অপারেশন হবে, পৃথিবীর আলো-বাতাসে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবেন রুমা, তার দুই সন্তান পাবে মায়ের পবিত্র স্নেহ- এমন আশা নিয়েই তাকিয়ে আছেন রুমা বেগম ও তার স্বামী ফেরদৌস।

রুমার চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারেন নিচের ব্যাংক অ্যাকাউন্টে।

অ্যাকাউন্ট: ফেরদৌস আহমদ, অ্যাকাউন্ট নং: ১২১.১৫১.৫৯৯৫২, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সিলেট ব্র্যাঞ্চ। অথবা, অ্যাকাউন্ট: সিলেটভিউ২৪ডটকম, অ্যাকাউন্ট নং: ১২১.১১০,৩০৩৭৭, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সিলেট ব্র্যাঞ্চ। এছাড়া সিলেটভিউ কার্যালয়ে (নেহার মার্কেট ৪র্থতলা, জিন্দাবাজার, সিলেট) এসেও দেয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত