বানিয়াচং প্রতিনিধি

১৮ জুন, ২০১৬ ১৭:১৬

বানিয়াচংয়ে ঔষধের দোকান আগুনে পুড়ে ছাই

বানিয়াচংয়ে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বানিয়াচং হাসপাতাল সংলগ্ন মাসুম মেডিসিন কর্নার নামে একটি ঔষধের দোকান। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকার।

শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে আটটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো ঐ দোকানের মালিক গিয়াস উদ্দিন ইফতারের পরে দোকান বন্ধ করে তারাবীহর নামাজে চলে যান।

ঐ সময় পাশের দোকানে থাকা অন্যরা হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। পরে দেখেন মাসুম মেডিসিনের ভেতর থেকে ধোঁয়া বাহির হচ্ছে। তারা কোন কিছু বোঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে ঘরে। ঘরে রক্ষিত ফ্রিজ,টিভি,নগদ টাকাসহ যাবতীয় ঔষধপত্র পুড়ে ছারখার হয়ে যায়।

আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান।

তিনি আরও জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বানিয়াচং ফায়ার স্টেশনের সাব অফিসার মো.সামসুল ইসলাম জানান, বৈদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আমরা আসাতে ক্ষতির পরিমাণটা কমই হয়েছে। সময় মতো না আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও বাড়তো বলে তিনি জানান।

এদিকে মাসুম মেডিসিনের মালিক গিয়াস উদ্দিন তার এক মাত্র উপার্জনক্ষম ব্যবসা আগুনের পুড়ে যাওয়াতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। তার সহায় সম্বল হারিয়ে তিনি এখন পাগলপ্রায়। এই দোকানের উপর নির্ভরশীল গিয়াস উদ্দিন তার অনাগত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত