সিলেটটুডে ডেস্ক

১৮ জুন, ২০১৬ ২১:০৪

দুর্ঘটনায় দম্পতি নিহত : গাড়ির চালক মিনুকে গ্রেফতার দাবিতে স্মারকলিপি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস ও তার স্বামী অরজিত রায়কে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় কার চালকের গ্রেফতারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটায় সিলেটের সচেতন নাগরিক নেতৃবৃন্দ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে এ  স্মারকলিপি প্রদান করেন।

এসময় পুলিশ কমিশনার দোষী চালককে গ্রেফতারের আশ্বাস দেন। তিনি আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়, আইনজীবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মনির হেলাল, লোকচর্যা সিলেটের সাধারণ সম্পাদক সঞ্জয় নাথ সঞ্জু, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, মামলার বাদী ও অরিজিত রায়ের বড় ভাই রনজিত রায়, সুমিতা দাসের ছোটভাই সংস্কৃতিকর্মী  ধ্রুব গৌতম, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সভাপতি ইন্দ্রানী সেন,  সমকালের সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি রাজকুমার দাস, চিকিৎসক ডা. মিথুন চৌধুরী, শিক্ষিকা সম্পা দাস, সংস্কৃতিকর্মী অমিত দাস শিবু প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,  গত ৭ জুন প্রবাসী মো. মিনু মিয়া নতুন কেনা গাড়ি চালাচ্ছিলেন। সিলেটের টিলাগড়ের মাদানী শাহী ঈদগাহের কাছে আসামাত্র তিনি রং সাইড দিয়ে অভারটেক করতে গিয়ে একটি সিএনজি অটোরিকশার উপর তার প্রাইভেট কার তুলে দেন। এতে অটোরিকসা ধুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিত রায় মারা যান। হাসপাতালে নেওয়ার পর তার স্ত্রী প্রধান শিক্ষিকা সুমিতা দাস মারা যান।

তাদের একমাত্র মেয়ে স্কলার্সহোমের ষষ্ঠশ্রেণির ছাত্রী অরুনিমা রায় স্নেহা এখনো সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। উপস্থিত জনতা, স্কলার্সহোমের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তারা গাড়ির মালিক ও চালক মো. মিনু মিয়াকে পুলিশের হাতে তুলে দিলেও শাহপরান থানায় নেওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনু মিয়াকে ছেড়ে দেন। এমন কী নিহতের পরিবার মিনু মিয়াকে প্রধান আসামী করে মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে সিলেটের সচেতন নাগরিকবৃন্দের প্রতিবাদ ও আন্দোলনের মুখে পুলিশ ১১ জুন মামলা নিলেও আসামী মিনু মিয়াকে আটক করেনি।  

আপনার মন্তব্য

আলোচিত