নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০১৬ ১৬:৩৬

জালালপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল ১০ গরু

দক্ষিণ সুরমার জালালপুরের পূর্ব শত্রুতার জের ধরে ১০ টি গরুকে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  

শনিবার (১৮ জুন) দিবাগত রাত ২টায় জালালপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জয়নাল আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।

জয়নাল আহমেদের ভাই শাওন আহমেদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন , "শনিবার ঘুমিয়ে পড়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা গোয়াল ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, এতে ঐ ঘরে থাকা ১০টি গরু সম্পূর্ণ পুড়ে যায়। যার মধ্যে দুটি গাভী ছিল।"

তিনি জানান তার ভাই কৃষিকাজ করেন, নানা কারণে তার শত্রু ছিল। পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে তাদের ধারনা।

গরু পুড়ানোর ঘটনায় মগলোবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জয়নালের পারিবারিক সূত্র থেকে জানা যায়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০ টি নয় ৮টি গরু পুড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি"।

 


আপনার মন্তব্য

আলোচিত