নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০১৬ ১৭:২৯

রেললাইন ও সড়ক পথ লাউয়াছড়া বনের বাইরে নেয়ার দাবি

বনকে বন্যপ্রানীর বসবাস উপযোগী রাখতে হলে বনের ভেতর দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ করতে হবে । প্রতি বছর অসংখ্য বন্যপ্রানী ট্রেন ও গাড়ি চাপায় মৃত্যুবরণ করে । এ অবস্থায় বাংলাদেশ রেলওয়ে নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য ও দুর্ঘটনা এড়ানোর অজুহাতে বন ধ্বংসকারী চক্রান্ত শুরু করেছে । যা এ বনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করবে । ক্ষতিগ্রস্থ করবে জীব-বৈচিত্র্য । রোববার সিলেটে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের পক্ষ্য থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজার গাছ কাটার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত নাগরিকবন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন ।

বিরুপ আবহাওয়ার মধ্যে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ নাগরিকবন্ধন কর্মসূচী পালন করা হয়। সম্প্রতি নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য ও দুর্ঘটনা এড়াতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেললাইনের দুই পাশের গাছ কাটতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে চিঠি দেয় বাংলাদেশ রেলওয়ে। এতে সংরক্ষিত এই বনাঞ্চলের ২৫ হাজারের বেশি গাছ কাটা পড়বে বলে জানায় বন বিভাগ। যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হলে পরিবেশবাদী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে মানুষ বিরুপ প্রতিক্রিয়া ব্যাক্ত করে ।

বিকাল ৪টায় শুরু হওয়া ঘন্টাব্যাপী এ নাগরিকবন্ধন কর্মসূচীতে সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করে । ভূমিসন্তান বাংলাদেশ-এর সমন্বয়ক আশরাফুল কবির-এর সভাপতিত্বে ও প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ । এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট বিভাগের সাধারন সম্পাদক আব্দুল করিম কিম মূল বক্তব্য রাখেন। তিনি বলেন, লাউয়াছড়া প্রানবৈচিত্র্যে পরিপূর্ণ একটি বন । যেখানে বন সুরক্ষায় সরকারের পক্ষ্য থেকে যুগোপযোগী উদ্যোগ গ্রহন করা জরুরী ছিল সেখানে বাংলাদেশ রেলওয়ে গাছ কাটতে নজিরবিহীন আবেদন জমা দিয়েছে । যা এই বনকে সম্পূর্ণরুপে বিরান করে দেবে। তিনি আরও বলেন, বন সংরক্ষনে বন বিভাগের উচিৎ বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়ে এ বনাঞ্চলের ভেতর দিয়ে ব্রিটিশ আমলে নির্মিত রেল-লাইন স্থানান্তর করার নোটিশ দেয়া। বনের বাইরে দিয়ে বিকল্প রেলপথ তৈরি করার মাধ্যমে রেল চলাচলে উদ্ভূত বিপত্তি দূর করা সম্ভব। একই সাথে সড়ক ও জনপথ বিভাগকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক অবিলম্বে বন্ধ করে বিকল্প সড়ক নির্মাণ করারও দাবি জানান তিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, নারী মুক্তি সংসদের সভাপতি ইন্দ্রানী সেন, সারী বাঁচাও আন্দোলন-এর আহবায়ক আব্দুল হাই আল হাদী, সিলেট কল্যান সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, ছড়ামঞ্চ সিলেট এর সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, নাট্যকর্মী রুবেল আহ্মদ কুয়াশা, প্রাধিকারের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ উজ্জ্বল, কোষাধ্যক্ষ শাহরুল আলম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত