২১ জুন, ২০১৬ ১৬:১৯
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বেলা ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের নেতৃত্বে অবৈধ বিলবোর্ড অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ শরিফুজ্জামান।
অভিযানকালে মহানগরীর আম্বরখানা পয়েন্টে একটি বাণিজ্যিক ভবনের উপরে স্থাপিত ৯০০শ স্কয়ার ফুটের বৃহদাকার একটি বিলবোর্ড অপসারণ করা হয়। সিটি কর্পোরেশনের নিজস্ব কর্মীরা ক্রেন ও গ্যাস কাটারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতির মাধ্যমে নিরাপদে বিলবোর্ডটি অপসারণ করে। সিটি কর্পোরেশনের কর শাখা জানায়, ঢাকার ন্যাচারাল এড নামক একটি বিজ্ঞাপনী সংস্থা এই ভবনের ছাদে বিলবোর্ড স্থাপন করেছিল। কিন্তু দীর্ঘ তিনবছর থেকে তারা কোন কর প্রদান করেনি। যার প্রেক্ষিতে এই বিলবোর্ডটি অপসারণ করা হয়েছে।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, বিগত দিনেও একাধিকবার বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বিগত অর্থবছরে যারা কর পরিশোধ করেনি তার ভিত্তিতে নতুন করে অবৈধ বিলবোর্ডের তালিকা প্রণয়ন করা হয়েছে। সেই তালিকা মোতাবেক প্রথম ধাপে ২৭টি ওয়ার্ডে সবমিলিয়ে ৪৮টি বিলবোর্ড অপসারণ করবে সিলেট সিটি কর্পোরেশন।
আপনার মন্তব্য