মাধবপুর প্রতিনিধি

২১ জুন, ২০১৬ ১৬:৩২

মাধবপুরে বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য, ছেলেকে সন্দেহ

হবিগঞ্জের মাধবপুরে মহিলার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ সোমবার(২০ জুন) রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আঃ হাসিমের স্ত্রী রাবেয়া বেগম (৫০) ও তার পুত্র বধূ কুলসুমা বেগমের মধ্যে গত ১৬ জুন ঝগড়া হয়। এক পর্যায়ে তার বড় ছেলে কুলসুমার স্বামী মঙ্গল মিয়া নিজের মাকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। আশংকা জনক অবস্থায় প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সোমবার(২০ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। পরে পরিবারের লোকজন রাবেয়া বেগমের মৃত দেহ বাড়িতে এনে তড়িঘড়ি করে দাফন করতে চাইলে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফখরুজ্জামান নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে।

এসআই ফখরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানার পরিদর্শক(তদন্ত) কেএম আজমিরুজ্জামান বলেন, নিহতের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত অভিযোগ করেননি।

আপনার মন্তব্য

আলোচিত