সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৬ ২০:২৯

সিলেটের বন সংরক্ষণ বিষয়ে বেলা’র কর্মশালা

সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ বলেছেন, প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে সিলেট অঞ্চল খুবই সমৃদ্ধ । নানাবিদ কারণে আমাদের এই সমৃদ্ধ অঞ্চলের বন সম্পদ নষ্ট হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় বন সম্পদকে রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। আগামী প্রজন্মের কথা চিন্তা করে সিলেটের বন রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে ‘সিলেটের বন সংরক্ষণ: প্রয়োজন জনমুখী ব্যবস্থাপনা ও জবাবদিহিতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বুধবার নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর প্রধান নির্বাহী এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শারাফ উদ্দিন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহির বিন আলম, সিলেট বনবিভাগের সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা, পরিবেশ অধিদপ্তর প্রতিনিধি সাইদুল ইসলাম।

এছাড়াও মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রশীদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মৌলভীবাজার বন সংরক্ষক সহকারী তবিবুর রহমান, আধিবাসী প্রতিনিধি জিডিশন প্রধান, ডেইলী স্টার প্রতিনিধি শেখ মোঃ নাসির, পরিবেশকর্মী আশরাফুল কবীর, এনজিও কর্মী এটিএম বদরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ‘সিলেটের বন সংরক্ষণ: প্রয়োজন জনমুখী ব্যবস্থাপনা ও জবাবদিহিতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এজেডএম মঞ্জুর রশিদ পিএইচডি।

সভাপতির বক্তব্যে এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুন্দরবন ও পার্বত্য অঞ্চলের কিছু বন ছাড়া বাংলাদেশে কোন বন নেই। বনকে সংক্ষণ করতে হলে বনের মতই করতে হবে, পার্কের মতো নয়। তিনি বলেন, সিলেট অঞ্চল একটি জীববৈচিত্রে সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের বন সংরক্ষণে প্রকৃত বন নির্ভর জনগোষ্ঠির অংশগ্রহণের খুব অভাব। এজন্য সৎ ইচ্ছা ও সৎ সাহস থাকলে অনেক কিছুই এগিয়ে নেয়া সম্ভব।

আপনার মন্তব্য

আলোচিত