সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৬ ২২:৩৩

কুচাইয়ে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের শারপিং গ্রামে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন যুবলীগের সদস্য, শারপিং মসজিদ কমিটির সদস্য এবং ব্যবসায়ী আলমগীর হোসেন আহত হওয়ার ঘটনায় ৭ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শারপিং গ্রামের বশির মিয়ার ছেলে আহত আলমগীরের ছোটভাই ময়নুল ইসলাম বাদি হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর- ০৯।

মামলায় আসামিরা হলেন, একই গ্রামের হারুন-অর রশিদের ছেলে লিটন মিয়া, মুহিন আহমদ, শামীম আহমদ বটু, আব্দুল হামিদ খোকন, আব্দুল কাশিম, আব্দুল হাসিম এবং আব্দুল গনি।

মামলার এজাহারে মইনুল উল্লেখ করেন, তাঁর বড়ভাই শারপিং জামে মসজিদ কমিটির সদস্য। গত শনিবার (১৮ জুন) তিনি কদমতলিস্থ নিজ ব্যবস্থা প্রতিষ্ঠান ‘আলমগীর থাই এসএস’ থেকে শারপিং জামে মসজিদে আসরের নামাজ পড়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাদের বাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে আলমগীরের গতিরোধ করে তাঁর উপর হামলা করেন। হকিস্টিক এবং বড় পাথর দিয়ে আলমগীরের মাথায় আঘাত করা হয়।

এ সময় আলমগীরের সাথে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ৮০ হাজার টাকা এবং একটি স্যামসাং ও নোকিয়া মোবাইল ফোন হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যান। পরে আলমগীরকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আলমগীর বর্তমানে ওসমানী হাসপাতালের তৃতীয় তলার ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা বলছেন, আলমগীরের মাথা প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি এখন কাউকে চিনতে পারছেন না। তিনি শঙ্কামুক্ত নন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হয়েছে। আহত আলমগীর শঙ্কামুক্ত নন, তিনি মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত