২৩ জুন, ২০১৬ ১৪:০৮
দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে দেয়ার প্রত্যয়ে সিলেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো জেলা ও মহানগর আওয়ামীলীগ।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় টানা বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন।
এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বাস্তবায়নে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে দেশ আজ সমৃদ্ধির দিকে এগিয়ে গেছে অনেকটাই।
বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে একটি জঙ্গি ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করেন।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মন্তব্য